OMG! যাত্রিবাহী সরকারি বাসে আগুন, প্রাণ বাঁচাতে আতঙ্কে ছোটাছুটি যাত্রীদের

রবিবার দুপুরে এয়ারপোর্ট থেকে হাওড়াগামী একটি এসবিএসটিসি (SBSTC)-এর বাসে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটে বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ কৈখালি এলাকার এয়ারপোর্ট হোটেল ক্রসিং-এর কাছে। চলন্ত অবস্থায় বাসের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাসটি থামিয়ে সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়।

জানা গেছে, আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে চালক বাসটি থামিয়ে দেন এবং যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে আসেন। একজন যাত্রী বলেন, “হঠাৎ করেই ধোঁয়ায় বাসের ভেতর ভরে গিয়েছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা দ্রুত নেমে আসতে পেরেছি।” অন্য এক যাত্রী বলেন, “বাসটি দেখতে নতুনই মনে হচ্ছিল। এমন ঘটনা কেন ঘটল, তা অবশ্যই খতিয়ে দেখা উচিত।”

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এবং বিমানবন্দর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে দমকল এবং পুলিশ মনে করছে, যান্ত্রিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের প্রকৃত কারণ জানতে আরও বিস্তারিত তদন্ত করা হবে।

এই দুর্ঘটনার জেরে এয়ারপোর্ট সংলগ্ন রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। বিধাননগর ট্র্যাফিক পুলিশ পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয়। আগুন নিভে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি বলে পুলিশ জানিয়েছে।