‘রাজ্য সরকারের চাপে’ কলকাতা মেডিক্যালে ভর্তি নেওয়া হয়নি অভয়ার মাকে! অভিযোগ বাবার

গতকালের নবান্ন অভিযানের সময় পুলিশের লাঠিপেটায় আহত প্রয়াত চিকিৎসক অভয়ার মাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা যায়নি বলে অভিযোগ উঠেছে। তাঁর বাবা অভিযোগ করেছেন যে, রাজ্য সরকারের চাপের কারণেই এমনটা হয়েছে। তিনি জানান, বর্তমানে তাঁর স্ত্রীর চিকিৎসা পর্যবেক্ষণে চলছে এবং হাসপাতাল থেকে ছাড়ার পর তাঁরা বাড়িতে ফিরবেন।

গতকাল নবান্ন অভিযানের সময় অসুস্থ হয়ে পড়লে অভয়ার মাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাবাও সেখানে চিকিৎসাধীন। তাঁদের অভিযোগ, পুলিশ তাঁদের মারধর করেছে। মায়ের কপালে আঘাত লেগেছে এবং রাস্তায় ফেলে তাঁকে লাঠিপেটা করা হয়েছে। বাবাও আক্রান্ত হয়েছেন বলে পরিবার অভিযোগ করেছে।

পুলিশের সঙ্গে সংঘর্ষ নিয়ে নির্যাতিতার মা বলেন, “কলকাতা পুলিশ মেরেছে। পুরুষ ও মহিলা পুলিশ উভয়েই লাঠিপেটা করেছে। আমার শাঁখা ভেঙে দিয়েছে, পিঠে লেগেছে। কেন আমায় মারা হল? কেন আমার মেয়েকে কাজের জায়গায় মারা হল? কেন প্রশাসন সেদিন তৎপর হল না?” যদিও পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে।

মেয়ের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে বাবা-মা নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন। পার্ক স্ট্রিটের কাছে তাঁদের মিছিল আটকানো হয় এবং মারধরের অভিযোগ ওঠে। এরপরও তাঁরা নবান্নে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। কিন্তু রেসকোর্সের কাছে অবস্থান করার সময় নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্যাতিতার পরিবারের সঙ্গে থাকা এক চিকিৎসক জানান, মায়ের কপালে ভোঁতা কিছুর আঘাতের চিহ্ন এবং পিঠে একাধিক কালশিটে দাগ রয়েছে। এদিন তাঁদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Saheli Saha
  • Saheli Saha