‘উদয়পুর ফাইলস’ মুক্তি পেতেই বিপাকে প্রযোজক! আসছে একের পর এক প্রাণহানির হুমকি

দীর্ঘ আইনি জটিলতার পর গত ৮ আগস্ট মুক্তি পাওয়া ‘উদয়পুর ফাইলস’ ছবিটি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ছবি মুক্তির পর থেকেই ছবির প্রযোজক অমিত জানি প্রাণহানির হুমকি পাচ্ছেন। এই ঘটনায় তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

শনিবার অমিত জানি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, বিহারের এক ব্যক্তি, যার নাম তাবরেজ, তাঁকে নিয়মিত ফোন করে হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তি তাঁকে গুলি করা অথবা বাড়িতে বোমা মারার হুমকি দিচ্ছেন। এই সমস্যার কথা তিনি উত্তর প্রদেশ সরকার এবং পুলিশকে ট্যাগ করে জানান। পোস্টটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

প্রযোজককে এই ধরনের হুমকি কেন দেওয়া হচ্ছে, তা নিয়ে চলছে জল্পনা। ধারণা করা হচ্ছে, ছবিটি বন্ধ করার জন্যই বারবার তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। ছবির গল্প ঘোষণার পর থেকেই অমিতকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অনেক বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পেলেও বিপদ যেন তাঁর পিছু ছাড়ছে না।

উল্লেখ্য, ছবিটি মুক্তির পর উদয়পুরের নিহত দর্জি কানহাইয়া লালের দুই ছেলেকে সাদরে প্রেক্ষাগৃহে অভ্যর্থনা জানানো হয়েছিল। তাঁদের জন্য দুটি আসন সংরক্ষিত ছিল। ছবিতে বাবার মৃত্যুর দৃশ্য দেখে তাঁরা আবেগপ্রবণ হয়ে পড়েন।

‘উদয়পুর ফাইলস’ ছবিতে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের নির্মম হত্যার ঘটনা দেখানো হয়েছে। প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার কারণে তাঁকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন ভারত এস শ্রীনাথ এবং জয়ন্ত সিনহা, আর প্রযোজনা করেছেন অমিত জানি।

প্রসঙ্গত, ছবিটি গত ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে দিল্লি হাইকোর্ট ১০ জুলাই এর মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছিল। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপে গত ৮ আগস্ট ছবিটি মুক্তি পায়।