বর্তমানে কেমন আছেন অভয়ার মা? মুখ খুললেন অভয়ার বাবা

গতকাল নবান্ন অভিযানের সময় পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ তোলার পর আহত প্রয়াত চিকিৎসক অভয়ার মাকে মেডিকা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর স্বামী অভয়ার বাবা জানিয়েছেন, বর্তমানে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

অভয়ার বাবা সংবাদমাধ্যমকে বলেন, “এখন উনি বিপন্মুক্ত, এটা বলাই যায়। সকালে হাঁটতে পারছেন। ডাক্তারবাবু এসে তাঁকে এঘর থেকে ওঘরে হাঁটিয়েছেন।” তিনি আরও জানান, স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার পরেই তাঁরা বাড়ি ফিরবেন। যদিও প্রথমে জল্পনা তৈরি হয়েছিল যে চিকিৎসার জন্য তাঁকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হতে পারে, তবে অভয়ার বাবা এই খবর অস্বীকার করেছেন।

গতকাল নবান্ন অভিযানের সময় অসুস্থ বোধ করায় অভয়ার মাকে মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি অভিযোগ করেছিলেন, পুলিশের লাঠিপেটায় তাঁর কপালে এবং পিঠে আঘাত লেগেছে। চিকিৎসকরাও তাঁর কপালে ও পিঠে আঘাতের চিহ্ন থাকার কথা নিশ্চিত করেছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাঁর অবস্থা স্থিতিশীল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা।