Recipe: ডিমের কারি তো অনেক খেয়েছেন, এবার ট্রাই করুন ‘ডিম সরষে’, হাত চাটবে সকলে

বাঙালির হেঁশেলে কম উপকরণ দিয়েও সুস্বাদু পদ তৈরির চল বহুদিনের। প্রতিদিনের খাবারে ডিমের নানা পদ থাকলেও, অনেকেই হয়তো ‘ডিম সরষে’ চেখে দেখেননি। এটি একটি খুবই সহজ এবং সুস্বাদু পদ যা গরম ভাতের সঙ্গে দারুণ মানায়। আসুন, জেনে নিই কীভাবে এই পদটি তৈরি করবেন।
ডিম সরষে তৈরির উপকরণ:
হাঁস বা মুরগির ডিম: ৫টি
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
ভিনিগার: ১ টেবিল চামচ
নুন: স্বাদমতো
কাঁচালঙ্কা দিয়ে সরষে বাটা: ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা: দেড় টেবিল চামচ
কাঁচালঙ্কা চেরা: ৪-৫টি
সর্ষের তেল: হাফ কাপ
কালোজিরে: ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর প্রতিটি ডিমের গায়ে ছুরি দিয়ে হালকা চিরে দিন, যাতে মশলা ভেতরে প্রবেশ করতে পারে।
২. সেদ্ধ করা ডিমে সামান্য হলুদ ও নুন মাখিয়ে নিন। একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ডিমগুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।
৩. একটি বাটিতে সরষে বাটা, হলুদ গুঁড়ো এবং ভিনিগার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
৪. ওই একই কড়াইতে বাকি তেল গরম করে তাতে কালোজিরে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে দিন। পেঁয়াজ ভালো করে ভাজা হলে সরষের মিশ্রণটি ঢেলে দিন।
৫. মশলা ফুটে উঠলে ভেজে রাখা ডিম, চেরা কাঁচালঙ্কা এবং স্বাদমতো নুন দিয়ে দিন। কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করুন।
৬. সবশেষে ২ চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আরও একবার ফুটিয়ে নিন।
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ‘ডিম সরষে’।