দেবী দুর্গা রূপে ইধিকা পাল, টিজার দেখে মুগ্ধ দর্শক! কোন চ্যানেলে দেখা যাবে?

আকাশ মেঘলা, ঝরছে শ্রাবণের বৃষ্টি, আর এই আবহাওয়ার মধ্যেই বাঙালির চোখ এখন ক্যালেন্ডারের দিকে। কারণ, হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই মর্ত্যে আসবেন দেবী দুর্গা, আর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কলকাতার নামী মণ্ডপ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে শুধু মণ্ডপেই নয়, মহালয়ার সকালে টেলিভিশনের পর্দায় মহালয়ার অনুষ্ঠানে কে দুর্গা সাজবেন, তা নিয়েও দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। আর এবার সেই আগ্রহকে তিনগুণ বাড়িয়ে দিলেন অভিনেত্রী ইধিকা পাল।

জি বাংলার মহালয়ার অনুষ্ঠান ‘জাগো মা জাগো দুর্গা’-তে এবার দুর্গা রূপে দেখা যাবে ইধিকাকে। কয়েক মাস আগে সুপারস্টার দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে ‘কিশোরী’ গান দিয়ে যিনি দর্শকদের মন জয় করেছিলেন, সেই ইধিকাই এবার দুর্গা অবতারে হাজির। সম্প্রতি এই অনুষ্ঠানের টিজার প্রকাশিত হয়েছে, এবং টিজারেই বাজিমাত করেছেন ইধিকা। এই টিজার দেখে বোঝা যাচ্ছে, জি বাংলার এবারের মহালয়া অনুষ্ঠান একেবারেই নতুন রূপে সাজানো হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

টেলিভিশনের পর্দা থেকেই ইধিকার অভিনয় জীবন শুরু হয়েছিল। এরপর তিনি দুই বাংলার জনপ্রিয় তারকাদের সঙ্গে একের পর এক সিনেমায় কাজ করেছেন। কখনও শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ এবং ‘বরবাদ’ ছবিতে, আবার কখনও দেবের সঙ্গে ‘খাদান’-এ। খুব শীঘ্রই তাঁকে সোহম চক্রবর্তীর বিপরীতে ‘বহুরূপ’ ছবিতে দেখা যাবে। এই ব্যস্ততার মাঝেই মহালয়ার অনুষ্ঠানে দুর্গা রূপে চমক দিলেন ইধিকা, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।