উৎসবের মরসুমে গ্যাসের দাম স্থিতিশীল রাখতে ৩০ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা কেন্দ্রের

আসন্ন দুর্গাপূজা, কালীপূজা এবং দিওয়ালির উৎসবের মরশুমে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা সত্ত্বেও দেশে রান্নার গ্যাসের দাম যাতে না বাড়ে, তার জন্য এবার তেল বিপণন সংস্থাগুলিকে (Oil Marketing Companies) ৩০ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সরকারি সূত্র মারফত জানা গেছে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব থেকে ভারতের সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা। রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দামের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তাতে দেশের বাজারে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে সরকার তড়িঘড়ি এই বিশাল অঙ্কের ভর্তুকি ঘোষণা করে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

সরকারি সূত্র অনুসারে, এই ভর্তুকির ফলে তেল বিপণন সংস্থাগুলোর লোকসান কিছুটা পুষিয়ে যাবে। জানা গেছে, ২০২৪-২৫ সালে নির্ধারিত দামে রান্নার গ্যাস বিক্রি করে কোম্পানিগুলোর প্রায় ৪১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে দিতে এবং গ্রাহকদের ওপর বাড়তি দামের বোঝা চাপানো এড়াতে সরকার এই ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ২০২২ সালের অক্টোবর মাসেও কেন্দ্রীয় সরকার একই ধরনের পদক্ষেপ নিয়েছিল, যেখানে ২২ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করা হয়েছিল। সেই সময়ের পর এই ধরনের এটি দ্বিতীয় বৃহত্তম ভর্তুকি। এই সিদ্ধান্তের ফলে কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন এবং উৎসবের মরশুমে তাদের আর্থিক বোঝা অনেকটাই কমবে।