সত্যি কি বনির কাছে অসুখী ছিলেন শ্রীদেবী? মায়ের মৃত্যুর পর যা জানিয়েছিল জাহ্নবী

অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর তার ও বনি কাপুরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। এমনকি, শ্রীদেবীর কাকা নাকি একবার দাবি করেছিলেন যে, শ্রীদেবী এই বিয়েতে সুখী ছিলেন না। এমন খবরও ছড়িয়েছিল যে, বনি কাপুর নাকি শ্রীদেবীর গয়না বিক্রি করতে চেয়েছিলেন, যা নিয়ে তাদের মধ্যে বচসা চলত। এসব জল্পনায় এবার জল ঢেলে দিলেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বলেন। তিনি বলেন, “আমি ছোটবেলা থেকে তা দেখেই বড় হয়েছি।” তিনি আরও বলেন, তার বাবা-মায়ের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তিনি নিজেও তার হবু স্বামীর সঙ্গে এমন সম্পর্কই চান।
জাহ্নবী বলেন, তার দেওয়া মন্তব্যগুলোকে প্রায়শই ভুলভাবে উপস্থাপন করা হয় এবং তাতে ‘রঙ চড়িয়ে’ দর্শকদের সামনে আনা হয়। তিনি দাবি করেন, তার পরিবার প্রকৃতপক্ষে একটি সুখী পরিবার ছিল। তবে তিনি এটাও স্বীকার করেন যে, তার পরিবার নিয়ে কটাক্ষের কোনো শেষ নেই, আগেও ছিল, এখনো আছে।
জাহ্নবী বলেন, এসব বিষয় নিয়ে তিনি মাথা ঘামান না। তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। এখন তিনি তার কাজ নিয়েই থাকতে চান এবং ভালো কাজ করতে আগ্রহী। তিনি আরও বলেন, তার সম্পর্কে যে ধরনের মন্তব্য ভাইরাল হয়, সেগুলো কি তিনি আদৌ বলেছেন? এই ধরনের লেখা দেখে তিনি প্রায়শই অবাক হয়ে যান।
এই মন্তব্যের মাধ্যমে জাহ্নবী কাপুর বুঝিয়ে দিলেন যে, ট্রোলিং বা বিতর্ক তাকে এখন আর সেভাবে প্রভাবিত করে না। তার পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে করা মন্তব্য তিনি এড়িয়ে যেতেই বেশি পছন্দ করেন।