মন্ত্রী চন্দ্রনাথের অ্যাকাউন্টে দেড় কোটি টাকা, কোথা থেকে এল কারাই বা দিল? ED বলছে…..

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে মন্ত্রীর দুটি ব্যাংক অ্যাকাউন্টে মোট দেড় কোটি টাকা জমা পড়েছিল। কিন্তু এই টাকার উৎস সম্পর্কে তিনি কোনো যথাযথ তথ্য দিতে পারেননি।

এর আগে ইডি দফতরে হাজিরার জন্য নোটিস পাঠানো হলেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দুবার তা এড়িয়ে গিয়েছিলেন। তবে, বৃহস্পতিবার বোলপুরের এই বিধায়ক অবশেষে ইডির দফতরে হাজিরা দেন। যদিও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা এখনো জানা যায়নি। এর মধ্যেই মন্ত্রীর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা পড়ার খবর সামনে এসেছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি এর আগে চন্দ্রনাথ সিনহার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছিল। সেই সময় মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের খবর, এই ৪০ লক্ষ টাকার উৎস সম্পর্কেও তিনি কোনো সঠিক তথ্য দিতে পারেননি।

ইডি সূত্রে খবর, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। এরপরই তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তাকে তলব করা হয়। জানা গেছে, ইডি চার্জশিটে মন্ত্রীর নাম উল্লেখ করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানিয়েছে এবং রাজ্যপাল ইতিমধ্যেই মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা শাসকদলকে এই ইস্যুতে তীব্র আক্রমণ শানিয়েছেন।