ট্রাম্পের ট্যারিফের ধাক্কা, জেনেনিন ভারত থেকে কী কী আমদানিতে ‘না’ করলো মার্কিন সংস্থাগুলি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের জেরে ভারতের রপ্তানি শিল্পে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট এবং গ্যাপের মতো আমেরিকার শীর্ষস্থানীয় খুচরো বিক্রেতা সংস্থাগুলো ভারত থেকে পণ্য আমদানি স্থগিত করেছে। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, এই নতুন শুল্ক আরোপের পরপরই সংস্থাগুলো ভারতীয় বিক্রেতাদের কাছে অর্ডার বন্ধ রাখার বার্তা পাঠিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় রপ্তানিকারকদের কাছে আসা ই-মেইলে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বস্ত্র ও তৈরি পোশাকের মতো পণ্য পাঠানো যাবে না। আমেরিকান ক্রেতারা অতিরিক্ত শুল্কের বোঝা নিজেদের কাঁধে নিতে রাজি নন এবং তারা ভারতীয় বিক্রেতাদের এই খরচ বহন করার জন্য চাপ দিচ্ছেন।
নতুন শুল্কের কারণে ভারতীয় পণ্যের দাম অন্তত ৩০-৩৫ শতাংশ বেড়ে যাবে, যা রপ্তানিতে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পতন ঘটাতে পারে বলে শিল্প বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এর ফলে শত শত কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় শিল্প।
বিশেষ করে বস্ত্রশিল্পের ক্ষেত্রে আমেরিকা ভারতের অন্যতম বৃহত্তম বাজার। ওয়েলস্পান লিভিং, গোকলদাস এক্সপোর্ট, ইন্দো কাউন্ট এবং ট্রিডেন্টের মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থাগুলো তাদের মোট বিক্রির ৪০-৭০ শতাংশ আমেরিকার বাজারে করে থাকে। নতুন শুল্কের কারণে এই সংস্থাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক বাজারে তার প্রতিপক্ষ দেশ, যেমন বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। কারণ, এই দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ভারতের তুলনায় অনেক কম। ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের উপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।