দিল্লি থেকে ফিরে সিবিআইয়ের প্রতি তীব্র ক্ষোভ তিলোত্তমার বাবা-মা’র, অ্যাওয়ার্ড দিলেন ফেরত!

মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্তির আগে সুবিচারের খোঁজে দিল্লি গিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। সেখানে তাঁরা সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা করেন, কিন্তু সেই সাক্ষাৎ তাঁদের হতাশ করেছে। কলকাতা ফিরে তাঁরা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সিবিআইয়ের প্রতি তীব্র ক্ষোভ
বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে নেমে তিলোত্তমার বাবা বলেন, “সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হয়েছে। দেশের মানুষ যাদের ভরসা করে, তারা যে এত বোগাস হতে পারে, সেই অভিজ্ঞতা আজ হলো।” তিনি জানান, সিবিআই ডিরেক্টর নিজেই নাকি এই মামলা ছেড়ে দেওয়ার কথা বলেছেন। এর উত্তরে তিনি সিবিআইকে আদালতে গিয়ে এই কথা বলার চ্যালেঞ্জ জানিয়েছেন।
তিলোত্তমার বাবা-মা সিবিআইয়ের কাছে এই ঘটনার সঙ্গে জড়িতদের নাম, কোথায় এই ঘটনা ঘটেছিল এবং এর উদ্দেশ্য কী ছিল— এই সমস্ত প্রশ্নের উত্তর চেয়েছিলেন, কিন্তু তাঁদের অভিযোগ, সিবিআইয়ের কাছে কোনো প্রশ্নেরই জবাব নেই।
‘মেরুদণ্ড বাড়ান অথবা পদত্যাগ করুন’
সাক্ষাতের সময় তিলোত্তমার বাবা-মা সিবিআই ডিরেক্টরকে একটি প্ল্যাকার্ড দিয়েছিলেন। প্ল্যাকার্ডের একপাশে তাঁদের প্রশ্নগুলি লেখা ছিল এবং অন্যপাশে লেখা ছিল, “মেরুদণ্ড বাড়ান অথবা পদত্যাগ করুন।” তিলোত্তমার মা জানান, সিবিআই ডিরেক্টর প্ল্যাকার্ডটি নেওয়ার পর ফেরত দিয়ে বলেন, তাঁদের মেরুদণ্ড রয়েছে। এর জবাবে তাঁরা বলেন, “আপনাদের মেরুদণ্ড নেই।”
অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ হয়নি
তিলোত্তমার বাবা-মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য দিল্লি গিয়েছিলেন, কিন্তু তাঁর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি। শাহর সময় পাওয়া গেলে তাঁরা আবার দিল্লি যেতে চান বলে জানিয়েছেন।
‘নারীশক্তি অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান
তিলোত্তমার মা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দেওয়া ‘নারীশক্তি অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, “আমার মেয়ে সুবিচার পেলে তবেই আমি ওটা নেব।”