কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে ভারতই হতে পারে বিশ্বসেরা, বড় বার্তা OpenAIর CEO অল্টম্যানের

ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই মার্কিন শিল্পোদ্যোগী এবং ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান ভারতের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বাজার নিয়ে এক বড় বার্তা দিলেন। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে ভারত অদূর ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম বাজার হয়ে উঠতে পারে। এই মন্তব্য বর্তমানে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে।
সম্প্রতি ‘ওপেন এআই’ তাদের নেক্সট জেনারেশন মডেল ‘চ্যাট জিপিটি ৫’ বাজারে এনেছে। বর্তমানে ভারতের এআই ব্যবহারকারী সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে আমেরিকা শীর্ষে থাকলেও, দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। এই প্রেক্ষাপটে স্যাম অল্টম্যান জানান যে, ভারতীয়রা এআই ব্যবহারে ‘অবিশ্বাস্যভাবে’ এগিয়ে।
অল্টম্যান বলেন, “আমেরিকার পর ভারত আমাদের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার, এবং এটি আমাদের সবচেয়ে বড় বাজার হয়ে উঠতে পারে। এখানকার বৃদ্ধির হার অবিশ্বাস্যভাবে দ্রুত, এবং ভারতীয় নাগরিকরা এআই ব্যবহার করে যা করছেন, তা সত্যিই উল্লেখযোগ্য।”
তিনি ভারতের এআই বাজার নিয়ে আরও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা বিশেষভাবে ভারতের জন্য পণ্য আনার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছি, যাতে এআই ভারতীয়দের জন্য আরও ভালো কাজ করে এবং দেশজুড়ে সকলের জন্য এটি আরও সাশ্রয়ী হয়।” তিনি আরও জানান যে, বৃদ্ধির হার বিবেচনা করে ওপেন এআই ভারতে অনেক বেশি মনোযোগ দিচ্ছে এবং তিনি সেপ্টেম্বরে ভারত সফরে আসার ব্যাপারে আগ্রহী।
‘চ্যাট জিপিটি ৫’ প্রসঙ্গে অল্টম্যান বলেন, “আমরা API-তে GPT-5 তিনটি আকারে প্রকাশ করছি — gpt-5, gpt-5-mini, এবং gpt-5-nano। এটি ডেভেলপারদের কর্মক্ষমতা এবং খরচের দিকে নজর রেখে করা হয়েছে।” একইসঙ্গে চ্যাটজিপিটি-এর প্রধান নিক টার্লি বলেন, নতুন মডেলটি ১২টিরও বেশি ভারতীয় ভাষায় বোঝাপড়া আরও উন্নত করবে। তিনিও স্যামের সুরে সুর মিলিয়ে বলেন, “ভারত আমাদের জন্য একটি অগ্রাধিকারমূলক বাজার।”