এ যেন উলটপুরাণ, ট্রাম্পের ট্যারিফ বম্ব নিয়ে ভারতের সমর্থনে দাঁড়াল চিন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক রাশিয়ার তেল আমদানির জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের নির্দেশের তীব্র সমালোচনা করেছে চিন। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের পরিমাণ ৫০% এ পৌঁছেছে। চিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘বাণিজ্য ব্যবস্থার অপব্যবহার’ বলে অভিহিত করেছেন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত চিনের খুব কাছাকাছি রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা এখন এই পরিস্থিতি মোকাবিলায় ‘দ্বিতীয় নিষেধাজ্ঞার’ দিকে এগোবে এবং ভবিষ্যতে আরও অনেক পদক্ষেপ দেখতে পাওয়া যাবে। বর্তমানে ভারতের উপর আগের ২৫% শুল্ক কার্যকর হয়েছে এবং নতুন ২৫% শুল্ক আগামী ২৭শে আগস্ট থেকে কার্যকর হবে।

আমেরিকার এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক (MEA) ট্রাম্পের সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ এবং ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের ১৪০ কোটি জনসংখ্যার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের তেল কেনার উদ্দেশ্য। তিনি আরও বলেন, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।