সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

আগামী কয়েক দিন ধরে রাজ্যজুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। তবে বৃষ্টির ধরন এবং তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-এর কিছু অংশে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই আটটি জেলা হলো— দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ।
তবে সবচেয়ে বড় সতর্কতা জারি করা হয়েছে সোমবারের জন্য। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭০-২০০ মিমি) পূর্বাভাস দেওয়া হয়েছে, যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। এরপর মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গে অবশ্য রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং কোনো সতর্কতা জারি করা হয়নি।