দুর্বল বুথ নিয়ে রাজ্য নেতৃত্বকে কড়া বার্তা অমিত শাহের, রিপোর্ট তলব

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলায় দলের দুর্বল সাংগঠনিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুথ স্তরের শোচনীয় অবস্থা এবং সংগঠন মজবুত করতে না পারার কারণ জানতে চেয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে কড়া জবাব তলব করেছেন তিনি। মঙ্গলবার ও বুধবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে জমা পড়া জেলা ভিত্তিক রিপোর্টে বেশ কিছু জেলার বুথের করুণ চিত্র ধরা পড়েছে। দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া, বসিরহাট, বারাসাত, দক্ষিণ কলকাতা শহরতলি (যাদবপুর, বারুইপুর) এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশের বুথ সংগঠনের হাল খুবই খারাপ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
অমিত শাহ নির্দেশ দিয়েছেন, পুজোর আগেই এই দুর্বল বুথগুলিকে যে কোনো মূল্যে চাঙ্গা করতে হবে। তিনি আরও জানিয়েছেন, যে সমস্ত জেলায় সংগঠনের অবস্থা ভালো হচ্ছে এবং তৃণমূলের পক্ষ থেকে আক্রমণের শিকার বেশি, সেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা প্রতি মাসে সভা করবেন।
বৈঠকে জেলা কমিটি গঠন, রাজ্য কমিটির সদস্য নির্বাচন এবং নির্বাচনী প্রতিনিধি কারা হবেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। শাহের স্পষ্ট বার্তা, আগামী নির্বাচনে নরেন্দ্র মোদিকেই দলের মুখ হিসেবে সামনে রেখে প্রতিটি জেলায় সংগঠনকে শক্তিশালী করতে হবে।
দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব প্রতি মাসে ভার্চুয়ালি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বুথ সংগঠনকে শক্তিশালী করতে কেন বারবার ব্যর্থতা আসছে, তা নিয়ে রাজ্য নেতৃত্বকে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার পুজোর আগে এই কাজে বঙ্গের জনপ্রিয় ও পরিচিত নেতৃত্বদের তৃণমূল স্তরে নেমে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার, পুজোর আগেই রাজ্য বিজেপি নেতৃত্ব এই নির্দেশ কতটা কার্যকর করতে পারে।