“কিরে কেমন লাগছে? আজ তুই যে জায়গায়…”, দেব-শুভশ্রী এক হতেই প্রাক্তন রাজকে খোঁচা প্রথম বউয়ের!

সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর অভিনেতা দেব এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একসঙ্গে দেখা যায়। এই পুনর্মিলনী ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। এর মধ্যেই রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেন, যা বিতর্কের জন্ম দেয়। অবশেষে সেই পোস্ট প্রসঙ্গে মুখ খুলেছেন শতাব্দী।

‘দ্য ওয়াল’কে দেওয়া এক সাক্ষাৎকারে শতাব্দী জানান, তিনি চাননি যে তাঁর পোস্ট নিয়ে এত আলোচনা হোক। তিনি বলেন, “আমি কিন্তু চাইনি এইসব। পনেরো বছর মুখ খুলিনি। তবে মানুষ তো, তাই না চাইতেও কিছু স্মৃতি তো ভেসে আসে। সেই কারণেই নিজের অনুভূতি শেয়ার করা।” তাঁর পোস্টটি রাজ চক্রবর্তীর প্রতি ইঙ্গিত ছিল বলে অনেকে মনে করেন, যেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে দেব-শুভশ্রীর পুনর্মিলন দেখে রাজ হয়তো কিছুটা আহত হয়েছেন।

যদিও রাজ চক্রবর্তী এই বিষয়ে সরাসরি কিছু বলেননি, বরং একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি নিজেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিলেন, কিন্তু ব্যস্ততার কারণে পারেননি। তবে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু শতাব্দীর মতে, এই ঘটনায় রাজ কিছুটা হলেও আঘাত পেয়েছেন। শতাব্দী বলেন, “আমি জানি ছবির প্রচারে অনেক কিছুই করতে হয়। কিন্তু কোথাও গিয়ে সম্পর্কের দায়ভারও তো সত্যি, তাই না? যে মানুষটাকে নিয়ে এই পোস্ট তাঁকে তো বহু বছর চিনি, সে কী অনুভব করতে পারে, তাঁর মধ্যে কতটা জেলাসি, কতটা পজেসিভ সেটা তো আমার কিছুটা হলেও চেনা। সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে তাই লিখে ফেলেছি।”

দেব-শুভশ্রীর পুনর্মিলনের পরপরই শতাব্দী তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা,ঠিক একই পথ ধরে।” এই পোস্টটি ছিল রাজের প্রতি ইঙ্গিতবাহী।

রাজের প্রথম-স্ত্রী শতাব্দীর পোস্ট

উল্লেখ্য, রাজ চক্রবর্তী ২০০৬ সালে শতাব্দী মিত্রকে বিয়ে করেছিলেন। সেই সময়ে তিনি টলিউডে তেমন প্রতিষ্ঠিত ছিলেন না। ২০১১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর রাজের জীবনে পায়েল, মিমি এবং পরে শুভশ্রী আসেন। ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে করেন রাজ এবং বর্তমানে তাঁরা দুই সন্তানের বাবা-মা।