খেলার সময় পাঁচতলার জানলা থেকে পড়ে মৃত ৩ বছরের শিশুর! মর্মান্তিক ঘটনা হাওড়ায়

হাওড়ার দাশনগর এলাকার বালিটিকুরির নস্করপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচতলার জানলা থেকে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম অভয় পোড়েল। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়েল পরিবারের সদস্যরা দাশনগরের একটি পাঁচতলা আবাসনে থাকেন। বুধবার দুপুরে শিশুটির বাবা সোমনাথ পোড়েল ঘরে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। শিশুটির মা তাঁকে খাবার দিয়ে বাথরুমে গিয়েছিলেন। সেই সময় শিশুটি খাটের উপর একা খেলা করছিল। খাটের পাশেই একটি বড় স্লাইডিং জানলা খোলা ছিল। খেলতে খেলতে শিশুটি জানলার কাছে চলে যায় এবং মুহূর্তের অসাবধানতায় সে পাঁচতলা থেকে নিচে পড়ে যায়।
শিশুটির নিচে পড়ার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয় এক মহিলা প্রথম বিষয়টি দেখতে পান। খবর পেয়ে শিশুটির বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত নিচে নেমে আসেন। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিকেলের দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দাশনগর থানার পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের আবহ।