দিল্লিতে চাঞ্চল্য, লালকেল্লায় প্রবেশের চেষ্টার অভিযোগে ৫ বাংলাদেশি আটক

স্বাধীনতা দিবসের ঠিক আগে দিল্লির লালকেল্লার কাছে প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের প্রত্যেকের কাছেই ভারতে থাকার কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে লালকেল্লা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনগুলোর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে লালকেল্লার কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ ওই পাঁচজনকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ধৃতরা দাবি করে, তাদের শ্রমিক হিসেবে কাজের জন্য সেখানে পাঠানো হয়েছে। তবে স্থানীয় পুলিশের মতে, তারা অবৈধ অনুপ্রবেশকারী। তাদের কাছে ভারতে প্রবেশের বৈধ কোনো নথি পাওয়া যায়নি।

লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্মারকের কাছে এই ধরনের ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ এই ঘটনার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর যোগ আছে কিনা, তা জানার জন্য তদন্ত চলছে।