OMG!জমা জলে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, ফ্ল্যাটের নীচে নামতেই ঘটে গেল বিপদ

মঙ্গলবার দুপুরে হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার ৮ রামচরণ শেঠ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম যুগল দাস (৪০), যিনি পেশায় একজন মালবাহক এবং কর্মসূত্রে উত্তরপ্রদেশের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন রামচরণ শেঠ রোডের একটি ফ্ল্যাট থেকে আলমারি নামানোর কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিদ্যুতের একটি তার ছিঁড়ে ফ্ল্যাটের নিচের লোহার গেটের ওপর পড়ে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে ফ্ল্যাটের সামনে জল জমেছিল এবং গেটের কিছুটা অংশ সেই জমা জলে ডুবে ছিল। আলমারি নামানোর সময় যুগল দাস জমা জলের কাছাকাছি আসতেই বিদ্যুতের সংস্পর্শে আসেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে।

খবর পেয়ে চ্যাটার্জীহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ যুগল দাসকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই দুর্ঘটনার পর CESE কর্মীরা ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ফ্ল্যাটের বাসিন্দা স্বপন রায় বলেন, “আমরা কিছু জিনিসপত্র হুগলির খানাকুলে পাঠানোর জন্য মালবাহক ভাড়া করেছিলাম। আলমারি নামানোর সময় বিদ্যুতের তার ছিঁড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।”

হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এই ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ আখ্যা দিয়ে বলেন, “এখন একটানা বৃষ্টি হচ্ছে, তাই আমি সকলকে সচেতন থাকার অনুরোধ করব।”