বাংলাভাষার ‘অপমান’ নিয়ে সরব তৃণমূল, আন্দোলনের বার্তা সুব্রত বক্সীর

ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং দিল্লি পুলিশের চিঠিতে ‘বাংলাদেশি ভাষা’ শব্দবন্ধ ব্যবহারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস এখন আরও বেশি আক্রমণাত্মক। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠক থেকে নেতা-কর্মীদের এই ইস্যুতে নিরন্তর আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।
ক্যামাক স্ট্রিটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে সুব্রত বক্সী বলেন, “মানুষের স্মৃতিশক্তি কম। আপনাদের সভা-সমিতি করে আরও বেশি করে বাংলার অপমান নিয়ে কথা বলতে হবে।” তিনি অভিযোগ করেন, “ভোটে হেরে আগ্রাসী বিজেপি। কেন তারা বাংলা বিরোধী, তা প্রচার করতে হবে।”
সুব্রত বক্সী দলের কর্মীদের ভোটার তালিকা সংশোধনের বিষয়েও সতর্ক থাকতে বলেছেন, যেহেতু বিহারের মতো পশ্চিমবঙ্গেও ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)’ হতে পারে। তিনি বলেন, “ভোটার লিস্টে কারচুপি নিয়ে সজাগ থাকুন।” এছাড়া, ‘পাড়ায় পাড়ায় সমাধান’ প্রকল্পে সাধারণ মানুষের পাশে থাকার জন্যও কর্মীদের আহ্বান জানান তিনি। এই বৈঠকে প্রায় ১০ হাজারের বেশি তৃণমূল নেতা-কর্মী ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। তবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈঠকে অনুপস্থিত ছিলেন, যদিও তিনি অভিষেককে আগে থেকেই তাঁর অনুপস্থিতির কথা জানিয়েছিলেন।