খড়দহের ফ্ল্যাটে বিপুল অস্ত্র মজুত, ধৃত মধুসূদন পাচার চক্রের সদস্য,

উত্তর ২৪ পরগনার খড়দহে একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ কার্তুজ এবং রিভলভার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মনে করছে, উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ‘ফ্যাক্টরি মেড’, অর্থাৎ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এই ঘটনায় মধুসূদন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তাকে অস্ত্র পাচার চক্রের সদস্য হিসেবে সন্দেহ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মধুসূদন তার স্কুটিতে করেই অস্ত্র এবং কার্তুজ ফ্ল্যাটে নিয়ে আসতো এবং নিজেই তা ডেলিভারি করত। তার এই কারবার সম্পর্কে যাতে কেউ কিছু জানতে না পারে, তাই সে প্রায়শই বাসস্থান বদল করত। এর আগে সে সোদপুর এবং পানিহাটিতে থাকত, তারপর খড়দহে ফ্ল্যাট কিনে বসবাস শুরু করে। কোনও জায়গাতেই সে চার থেকে পাঁচ বছরের বেশি থাকত না।

প্রতিবেশীরা জানিয়েছেন, মধুসূদনের ফ্ল্যাটে বিভিন্ন সময় মহিলারা আসতেন। পুলিশ মনে করছে, এই মহিলাদের মাধ্যমেই অস্ত্র পাচার চলত। মধুসূদন অবশ্য পুলিশকে জানিয়েছে, এই মহিলারা তার বাড়িতে কাজ করতেন। পুলিশি জেরায় মধুসূদন তার সুদের ব্যবসার কথাও স্বীকার করেছে এবং জানিয়েছে যে সেই লাভের টাকা দিয়েই সে অস্ত্র কারবারে নামে। এই ঘটনার পর আবাসনের বাসিন্দারা মধুসূদনকে ফ্ল্যাটে আর থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রবেশদ্বারগুলির তালা বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।