জল যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী, রাস্তা অবরোধ করে বিক্ষোভ জনতার

টানা বৃষ্টির জেরে জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, অবৈধ নির্মাণের কারণে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে এবং বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক দিনের টানা বৃষ্টিতে বারাসতের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তীব্র সমস্যায় পড়েছেন। তাই এদিন সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি ছিল, জল জমার সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা অবরোধ তুলবেন না।

খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা এবং হাতাহাতিও হয়। পরে বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাস ঘটনাস্থলে যান। তার সামনেও কিছু সময় ধরে অবরোধ চলতে থাকে।

অবশেষে কাউন্সিলর শিল্পী দাস স্থানীয়দের আশ্বস্ত করেন যে, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। কাউন্সিলরের আশ্বাসের পর স্থানীয়রা অবরোধ তুলে নেন। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল, যা পরে এক ঘণ্টার মধ্যে স্বাভাবিক হয়ে যায়। কাউন্সিলর শিল্পী দাস বলেন, “জল যন্ত্রণায় আমরা সবাই সমস্যায় আছি। পুরসভা কাজ শুরু করেছে এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে।”