“আমি দেশের কাছে ক্ষমাপ্রার্থী…”-মহুয়াকে নিশানা করে কেন ক্ষমা চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের সরব হলেন। সোমবারের পর মঙ্গলবারও তিনি দলের সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করে একটি পুরনো ভিডিও পোস্ট করেছেন। দীর্ঘ দিন ধরেই কল্যাণ ও মহুয়া মৈত্রের সম্পর্ক তিক্ত।

মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের লোকসভায় দেওয়া তার একটি বক্তব্যর ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, মহুয়া মৈত্র যখন ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সংসদে সমালোচিত হয়েছিলেন, তখন কল্যাণ তার অধিকারের সমর্থনে কথা বলছেন। ভিডিওটি পোস্ট করে কল্যাণ লিখেছেন, ‘২০২৩ সালে যখন সংসদে মহুয়া আক্রমণের শিকার হয়েছিলেন, আমরা ওঁর পাশে দাঁড়িয়েছিলাম। আজ নারীবিদ্বেষী বলে তিনি তার প্রতিদান আমায় দিচ্ছেন। আমি দেশের কাছে ক্ষমাপ্রার্থী এমন একজনের হয়ে কথা বলার জন্য।’

উল্লেখ্য, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার বিনিময়ে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন। এমনকি মহুয়ার নিজস্ব লগইন-পাসওয়ার্ডের সুরক্ষা বিঘ্নিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেছিলেন। সোমবার মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফের মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কল্যাণ।

মহুয়া মৈত্র এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নারীবিদ্বেষী বলে কটাক্ষ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই কল্যাণ পুরনো ভিডিওটি পোস্ট করে পাল্টা আক্রমণ শানালেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।