সহপাঠীদের ‘শিক্ষা’ দিতে স্কুলে ভয়ঙ্কর কাণ্ড পড়ুয়ার, অল্পের জন্য বাঁচলো সকলের প্রাণ

কর্ণাটকের শিবমোগা জেলায় একটি লোয়ার প্রাইমারি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্কুলের ‘মনিটর’ করা সত্ত্বেও সহপাঠীরা তার কথা না শোনায় এক পঞ্চম শ্রেণির ছাত্র স্কুলের জলের ট্যাঙ্কে কীটনাশক মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ওই ১১ বছর বয়সী ছাত্রকে জুভেনাইল হোমে পাঠানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, হোসনগড়া তালুকের হুভিনাকোনে অবস্থিত ওই স্কুলটির জলের ট্যাঙ্কে কীটনাশক মেশানো হয়েছিল। তদন্তে জানা যায়, স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্র এই কাণ্ড ঘটিয়েছে। সহপাঠীরা তার কথা না মানায় সে হতাশ হয়ে এই কাজটি করে বলে পুলিশকে জানিয়েছে।
পুলিশ সুপার মিঠুন কুমার জানান, ওই ছাত্র বাড়ি থেকে আদা সংরক্ষণের জন্য ব্যবহৃত কীটনাশক নিয়ে এসেছিল। সকালে স্কুল শুরু হওয়ার আগেই সে এসে জলের ট্যাঙ্কে ওই কীটনাশক মিশিয়ে দেয়। এই ঘটনা দেখে ফেলায় সে অন্য দুই ছাত্রকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। এরপর ক্লাসে গিয়েও সে একই কথা বলে।
দুই ছাত্রের কাছ থেকে বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ দ্রুত স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ স্কুলের অন্যান্য ছাত্রদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে। অভিযুক্ত ছাত্র পুলিশকে জানিয়েছে যে, সে একাই এই কাজ করেছে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার পর জলের ট্যাঙ্কটি পরিষ্কার করে তাতে জীবাণুনাশক মেশানো হয়েছে। এই ঘটনায় স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।