আধ্যাত্মিক ‘বাবা’ সেজে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

আধ্যাত্মিক ‘বাবা’-র ছদ্মবেশে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের অভিযোগে দিল্লি পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছিল ১ আগস্ট, যখন মোতি নগর থেকে কনট প্লেসের দিকে যাওয়া এক মহিলা ছিনতাইয়ের শিকার হন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মহিলা একটি র‍্যাপিডো ট্যাক্সিতে করে যাচ্ছিলেন। শাদিপুর ফ্লাইওভারের কাছে তাঁর গাড়ি থামলে ছাই মাখা ‘বাবা’-র বেশে ২০ থেকে ২৫ বছর বয়সী তিন যুবক তাঁকে ঘিরে ধরে। প্রথমে তারা ভিক্ষা চাইলে মহিলা তাঁদের ২০০ টাকা দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে একজন তাঁর মধ্যমা আঙুল থেকে একটি সোনা ও হীরার আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনার পরপরই মহিলা মোতি নগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে পুলিশ ওই চার অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে। এমন ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে জানার চেষ্টা করছে।