দাম্পত্য কলহের জের! ছেলেকে সাক্ষী রেখে কনস্টেবল স্বামীকে খুন করে আত্মঘাতী স্ত্রী, চাঞ্চল্য আহমেদাবাদে

গুজরাটের আহমেদাবাদে এক হাড়হিম করা ঘটনায় এক নাবালক ছেলের সামনে তার মা ট্রাফিক পুলিশ কনস্টেবল বাবাকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। মৃত কনস্টেবলের নাম মুকেশ পারমার। স্ত্রী সঙ্গীতার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর পারিবারিক বিবাদ চলছিল।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে মুকেশ এবং সঙ্গীতার মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। বচসা চরমে পৌঁছলে সঙ্গীতা একটি লাঠি দিয়ে মুকেশের মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই মুকেশের মৃত্যু হয়। এরপর সঙ্গীতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেই নোটে সঙ্গীতা তাঁদের পারিবারিক বিবাদ এবং পুরো ঘটনার বিস্তারিত বিবরণ লিখে গেছেন। তাদের নাবালক ছেলেই এই পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদের জেরে এমন মর্মান্তিক পরিণতিতে পুলিশ ও স্থানীয়রা হতবাক।