DA কি আদৌ সরকারি কর্মীদের মৌলিক অধিকার? সুপ্রিম কোর্টে উঠল ঝড়

মহার্ঘ ভাতা (ডিএ) সরকারি কর্মীদের মৌলিক অধিকার কিনা, সেই প্রশ্নকে কেন্দ্র করে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে। বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই বিষয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

শুনানির শুরুতে সরকারি কর্মীদের আইনজীবী ডিএ-কে তাঁদের মৌলিক অধিকার বলে দাবি করেন। তবে রাজ্য সরকারের তরফে পাল্টা দাবি করা হয় যে, ডিএ-কে কোনোভাবেই মৌলিক অধিকার বলা যায় না। রাজ্যের যুক্তি, কর্মচারীদের ডিএ মৌলিক অধিকার হিসেবে আইনি স্বীকৃতি নেই। তখন কর্মচারী সংগঠনের আইনজীবী প্রশ্ন তোলেন, কেন্দ্র যদি কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে, তবে রাজ্য কেন পারবে না? এর জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, “এক-এক রাজ্যে ডিএ নির্ধারণের নিয়ম এক-এক রকম।”

রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দেওয়ান পুরনো মামলার নজির দেখিয়ে বলেন, ডিএ-কে কোনোভাবেই মৌলিক অধিকার বলা যায় না। এর আগে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালেও এই একই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ডিএ যদি মৌলিক অধিকার না হয়, তাহলে কর্মচারীরা কেন তা পাবেন, এই প্রশ্ন নিয়ে শুনানির প্রথমার্ধে আলোচনা চলছে।

উল্লেখ্য, এর আগে শীর্ষ আদালত রাজ্যকে ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য ছয় সপ্তাহের সময় দিয়েছিল। কিন্তু রাজ্য সেই সময়সীমার মধ্যে টাকা দিতে পারেনি। বরং সোমবারের শুনানিতে রাজ্য সরকার আরও সময় চেয়েছিল। আজ শুনানির শুরুতেই ডিএ-র মৌলিক অধিকারের দিকটি নিয়ে আলোচনা হওয়ায় মামলার পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।