“নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারল”-বিরোধী শিবিরকে নিয়ে কেন একথা বললেন মোদী?

সংসদ ভবনে NDA-এর সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের ওপর তীব্র আক্রমণ শানিয়েছেন। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্ক তুলে বিরোধীরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছে বলে কটাক্ষ করেছেন তিনি। মোদীর মতে, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধীরা নিজেদের হাসির পাত্রে পরিণত করেছে।

সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চেয়ে বিরোধীরা বড় ভুল করে ফেলেছে। এমন বিরোধী দল আপনারা কি কোথাও দেখেছেন, যারা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারে?” তাঁর এই মন্তব্য দলীয় সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি করে।

একই সঙ্গে তিনি রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা নিয়েও মন্তব্য করেন। রাহুল গান্ধী ভারতের ২০০০ কিলোমিটার জমি চীন দখল করে নিয়েছে বলে যে মন্তব্য করেছিলেন, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “গতকাল সুপ্রিম কোর্ট যেভাবে তিরস্কার করেছে, তারপর আর কিছু বলার থাকতে পারে না। আমরা আর কী বলব যখন সুপ্রিম কোর্টই এত বড় কথা বলে দিয়েছে।” তিনি রাহুল গান্ধীর মন্তব্যকে ‘নিজের পায়ে কুড়ুল মারা নয়, ষাঁড়কে আমন্ত্রণ জানানোর মতো বিপজ্জনক’ বলেও উল্লেখ করেন।

‘অপারেশন সিঁদুর’-এর সফলতার জন্য বৈঠকে উপস্থিত NDA সাংসদরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মালা পরিয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানান। বৈঠকে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয় সংসদ ভবন। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী তেরঙা যাত্রা এবং বাদল অধিবেশনে দলীয় রণকৌশল নিয়ে সাংসদদের নির্দেশনা দিয়েছেন।