ঋদ্ধিমান সাহার নতুন ইনিংস, বাংলার অনূর্ধ্ব ২৩ দলের প্রধান কোচ হিসেবে আত্মপ্রকাশ

ভারতীয় এবং বাংলা ক্রিকেটে ঋদ্ধিমান সাহা এক উজ্জ্বল নাম। দেশের সর্বকালের সেরা উইকেটকিপারদের একজন হিসেবে বিবেচিত, একসময় বিশ্ব ক্রিকেটেও তাঁর কিপিংয়ের দক্ষতা ছিল প্রশ্নাতীত। সেই ঋদ্ধিমান সাহা এবার বাংলার ক্রিকেটকে ফিরিয়ে দিতে এক বড় চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, তিনি এবার বাংলার অনূর্ধ্ব ২৩ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার ইডেন গার্ডেন্সে কোচ ঋদ্ধিমান সাহার নতুন সফর শুরু হলো। প্রথম দিনেই তিনি দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন। ওয়ার্ম-আপ, কোর স্ট্রেন্থের অনুশীলন এবং নেট সেশন দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। বাংলার এই প্রাক্তন কিপার-ব্যাটারের সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন আরও দুই প্রাক্তন ক্রিকেটার দেবব্রত দাস এবং স্পিন কিংবদন্তি উৎপল চট্টোপাধ্যায়। নিজের নতুন দায়িত্ব নিয়ে ঋদ্ধিমান যথেষ্ট আত্মবিশ্বাসী।
অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের পেপ টক দেন ঋদ্ধিমান সাহা। তিনি বলেন, “দীর্ঘ মিটিংয়ে বিশ্বাসী নই আমি। সংক্ষিপ্ত আলোচনা এবং নির্দিষ্ট পয়েন্ট নিয়েই কথা হোক। আমাদের টিম হিসেবে ভাবতে, সতীর্থদের সহযোগিতা করতে হবে। এখানে কারও ব্যক্তিগত লক্ষ্য থাকবে না। টিম হিসেবে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী এগোতে হবে।”
প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই অনুশীলন। বাংলার উঠতি প্রতিভাদের খেলায় মুগ্ধ হেড কোচ ঋদ্ধিমান সাহা। তিনি আশাবাদী যে, এই দল ঘরোয়া মরসুমে ভালো পারফর্ম করবে। ঋদ্ধিমানের অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় জ্ঞান নিঃসন্দেহে বাংলার তরুণ ক্রিকেটারদের জন্য একটি বড় সম্পদ হবে।