সংসদের সামনেই মহিলা MP-র হার ছিনতাই, ‘আমরা কোথায় নিরাপদ?’ -প্রশ্ন তুলে শাহকে চিঠি

দেশের সর্বোচ্চ সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত সংসদ ভবনের অদূরেই এক মহিলা সাংসদ ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কংগ্রেস সাংসদ আর সুধার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে দুই বাইক আরোহী দুষ্কৃতী। এই ঘটনায় সাংসদ আর সুধা গলা ও ঘাড়ে আঘাত পেয়েছেন, যা ল্যুটেন্স দিল্লির মতো হাই-সিকিউরিটি জোনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে দিল্লির চাণক্যপুরীতে, সংসদ ভবন থেকে কিছুটা দূরে। জানা গেছে, ভোর ৬টা নাগাদ তামিলনাড়ুর মায়িলাদুথুরাইয়ের কংগ্রেস সাংসদ আর সুধা, যিনি গত এক বছর ধরে দিল্লি তামিলনাড়ু ভবনে বসবাস করছেন, তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। পোল্যান্ডের দূতাবাসের সামনে দিয়ে হাঁটার সময় দ্রুত গতিতে আসা এক বাইকে আরোহী দুজন দুষ্কৃতী তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন আর সুধা। চিঠিতে তিনি বিস্তারিতভাবে ঘটনার বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “ভোর ৬টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আমি পোল্যান্ডের দূতাবাসের সামনে দিয়ে হাঁটছিলাম। তখন দুই ছিনতাইবাজ বাইকে করে এসে গলা থেকে চেন টেনে নিয়ে পালায়। গলায় এবং ঘাড়ে চোট পেয়েছি আমি। আমার চুড়িদারও ছিঁড়ে গিয়েছে। যে বাইক চালাচ্ছিল তার মাথায় হেলমেট ছিল, ফলে মুখ দেখতে পাইনি। কোনোমতে নিজেকে সামলেছি তখন। সাহায্যের জন্য চিৎকার করেছি।”
সাংসদ আরও যোগ করেছেন, “এমন একটি হাই সিকিউরিটি জোনে মহিলা সাংসদের উপর এই ধরনের হামলা হলো। ঘটনাটিতে সকলের আতঙ্কিত হওয়ার কথা। হাই সিকিউরিটি জোনেও যদি কোনো মহিলা নিরাপদে হেঁটে যেতে না পারেন, তাহলে আমরা কোথায় নিরাপদ? এই ক্রিমিনাল অ্যাটাকের জেরে আমি ট্রমাতে রয়েছি। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করুন স্যার।”
দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টা চলছে। ঘটনার পর তামিলনাড়ু হাউসের সামনে নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সংসদ সদস্যের উপর এমন হামলা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরগুলি আরও একবার স্পষ্ট করে দিয়েছে এবং নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।