‘অশুভ’ লাবুবু পুতুল পুড়িয়ে দিলেন ভারতী সিং, নেটপাড়ায় তোলপাড়,

সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা জনপ্রিয় লাবুবু পুতুল নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এই পুতুলকে ‘অশুভ’ আখ্যা দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালিকা ভারতী সিং। তাঁর ভ্লগে এই অদ্ভুত কাণ্ড সামনে আসার পর থেকেই নেটপাড়ায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।
ভারতী সিং সম্প্রতি তাঁর ভ্লগে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর ছেলে গোল্লার (লক্ষ্য) প্রিয় লাবুবু পুতুলটি আগুনে পুড়িয়ে দিচ্ছেন। ভিডিওতে ভারতী দাবি করেন, এই পুতুলটি বাড়িতে আসার পর থেকেই গোল্লার আচরণে অস্বাভাবিক পরিবর্তন এসেছে। তিনি আরও জানান, ছেলেটি হঠাৎ করেই অতিরিক্ত দুষ্টুমি করতে শুরু করেছে, যা আগে কখনও ঘটেনি।
লাবুবু পুতুলের ‘অশুভ প্রভাব’ নিয়ে চিন্তিত ভারতী বলেন, “অনেকে বলছে এটা কুসংস্কার, কিন্তু এই পুতুল আসার পর থেকেই গোল্লার মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে।” ভারতীর এই সিদ্ধান্তে গোল্লার আয়াও সহমত পোষণ করেছেন। ভিডিওতে দেখা যায়, পুতুলটি পোড়ানোর সময় আয়া বেশ ঘাবড়ে যান। যদিও ভিডিওটি মজার ছলে তৈরি করা হয়েছে, তবুও এই ঘটনা একাংশের মধ্যে কুসংস্কার এবং শিশুদের ওপর খেলনার প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে।
ভারতী সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়াকে ভিডিওতে মজা করে বলতে শোনা যায়, “এরা পুতুলটাকে পোড়াতে চাইছে, কিন্তু জ্বলছেই না! মনে হচ্ছে পুতুলের আত্মাই এতে বাধা দিচ্ছে।” শেষে অবশ্য পুতুলটি আগুনে পুড়ে গেলে ভারতী স্বস্তির নিশ্বাস ফেলে বলেন, “শয়তান মারা গিয়েছে।”
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন প্রান্তে লাবুবু পুতুল নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। পুতুল ঘিরে এমন নানা মন্তব্যে নেটপাড়ায় প্রশ্ন উঠছে – সত্যিই কি এই পুতুল সাধারণের সমস্যা তৈরি করছে? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি। তবে ভারতী সিংয়ের এই ঘটনা লাবুবু পুতুল নিয়ে বিতর্ককে নতুন মাত্রা দিল।