“শেয়ারের দাম নেমে ৮২৫ টাকা”-MD ও CEO-র পদত্যাগের খবরে কমলো PNB হাউজিং ফিনান্সের দর

সপ্তাহের শেষ ট্রেডিং সেশন, শুক্রবার পিএনবি হাউজিং ফিনান্স লিমিটেডের শেয়ার দরে প্রায় ১৬ শতাংশের এক বিশাল পতন ঘটেছে। এই আকস্মিক পতনের জেরে প্রতিটি শেয়ারের দাম নেমে দাঁড়িয়েছে ৮২৫ টাকায়। এই বিপুল ধসের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার গিরিশ কৌসগির পদত্যাগকে, যা বৃহস্পতিবারই এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে।
মেয়াদ শেষের আগেই পদত্যাগ:
২০২২ সালের অক্টোবর মাসে পিএনবি হাউজিং ফিনান্সের সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন গিরিশ কৌসগি। মেয়াদ শেষের আগেই তার পদত্যাগের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে, এই পদে তাঁর কাজের শেষ দিন এ বছরের ২৮ অক্টোবর। উল্লেখ্য, তাঁর কার্যকালে পিএনবি হাউজিং ফিনান্সের শেয়ার দর প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
শেয়ারের দামে ব্যাপক পতন:
সংস্থার সর্বোচ্চ আধিকারিকের পদত্যাগের খবর প্রকাশের পর পিএনবি হাউজিংয়ের শেয়ারে ব্যাপক ধস নামে। শুক্রবার ১৬ শতাংশের বেশি কমে এই শেয়ারের দাম ৮২৫ টাকা হয়। গত এক মাসেও এই সংস্থার শেয়ারে বিপুল পতন হয়েছে, ২৫ শতাংশের বেশি দাম কমেছে। যদিও শেষ এক বছরে এই স্টক মাত্র ২ শতাংশ বেড়েছে, তবে গত পাঁচ বছরে লগ্নিকারীরা এই স্টক থেকে ৩৭৬ শতাংশের মতো আকর্ষণীয় রিটার্ন পেয়েছিলেন।
প্রথম কোয়ার্টারের ফল ভালো হওয়া সত্ত্বেও পতন:
চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে পিএনবি হাউজিং ফিনান্সের আর্থিক ফলাফল গত এক বছরের তুলনায় ভালো হয়েছে। সংস্থার নেট প্রফিট ২৩ শতাংশ বেড়ে ৫৩৪ কোটি টাকায় পৌঁছেছে। সংস্থার রেভিনিউ হয়েছে ২ হাজার ৮২ কোটি টাকা, যা গত অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে ছিল ১ হাজার ৮৩২ কোটি টাকা। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সংস্থার নেট ইন্টারেস্ট ইনকাম ১৭ শতাংশ বেড়ে ৭৬০ কোটি টাকা হয়েছে। আর্থিক ফলাফল ইতিবাচক হওয়া সত্ত্বেও শীর্ষ কর্মকর্তার পদত্যাগ শেয়ারের মূল্য পতনে প্রধান ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
(দ্রষ্টব্য: এই খবরটি শুধুমাত্র তথ্যগত এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রকাশিত। শেয়ার বাজার বা যে কোনো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং বিনিয়োগের পূর্বে অবশ্যই সঠিক গবেষণা ও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। Tech Informatix কোনো বিনিয়োগের পরামর্শ প্রদান করে না।