ডিভোর্সের শুনানির দিন ‘বি ইওর ওন সুগার ড্যাডি’ টি-শার্ট কেন? অবশেষে আসল কারণ জানালেন চাহাল

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ইউটিউবার ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং চাহাল। বিশেষ করে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত শুনানির দিন চাহালের পরিহিত ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’ (Be Your Own Sugar Daddy) লেখা টি-শার্টটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল এবং অনেকেই এটিকে ধনশ্রীর প্রতি তার প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখেছিলেন। সেই টি-শার্টের রহস্য এবং খোরপোশ বিতর্ক নিয়ে সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে রাজ শামানির সঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছেন চাহাল।
‘সুগার ড্যাডি’ লেখা টি-শার্ট প্রসঙ্গে প্রশ্নের জবাবে চাহাল বলেন, “আমি কোনো নাটক করতে চাইনি। আমি শুধু একটা মেসেজ দিতে চেয়েছিলাম এবং যেটা আমি টি-শার্টের মাধ্যমে দিয়েছি।” এই বার্তার পিছনের কারণ সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হলে, চাহাল হেসে জবাব দেন যে, “ওপাশ থেকে কিছু একটা হয়েছে, এবং আমি প্রথমে উত্তর দিতে চাইনি। কিন্তু তারপর কিছু ঘটল, এবং আমি ভাবলাম, ‘যথেষ্ট হয়েছে, এখন আমি কাউকে পরোয়া করি না। আমি কাউকে গালি দেইনি; আমি শুধু আমার বার্তা পৌঁছে দিতে চেয়েছি।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, ধনশ্রীর পক্ষ থেকে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটায় তিনি এই ধরনের টি-শার্টের মাধ্যমে নিজের বক্তব্য জানাতে চেয়েছেন।
বিবাহবিচ্ছেদের পর ধনশ্রীকে দেওয়া খোরপোশ নিয়েও বিতর্কের শেষ ছিল না। প্রথমে শোনা গিয়েছিল যে ধনশ্রীর তরফে নাকি ৬০ কোটি টাকা খোরপোশ চাওয়া হয়েছে, যা নিয়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলে। যদিও ধনশ্রীর পরিবারের তরফে দ্রুত একটি বিবৃতি দিয়ে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, “খোরপোশের সংখ্যা নিয়ে যে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে তাতে আমরা গভীরভাবে ক্ষুব্ধ। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের কোনো অর্থ কখনো চাওয়া হয়নি, দাবি করা হয়নি বা প্রস্তাবও দেওয়া হয়নি। এসব গুজবের কোনো সত্যতা নেই। শুধু ওদের দুজনের নামে নয়, তাদের পরিবারকেও অহেতুক জল্পনা-কল্পনার মধ্যে টেনে এনে এই ধরনের অযাচাইকৃত তথ্য প্রকাশ করা চরম দায়িত্বজ্ঞানহীনতা। এ ধরনের বেপরোয়া রিপোর্টিং কেবল ক্ষতিই করে এবং আমরা গণমাধ্যমকে সংযত হতে, ভুল তথ্য ছড়ানোর আগে সত্যতা যাচাই করতে এবং সবার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”
এই প্রসঙ্গে চাহাল জানান, খোরপোশ নিয়ে আলোচনার প্রক্রিয়াটি কঠিন ছিল। তবে জাতীয় দলের এই বোলার হাসতে হাসতে বলেন, “ভালো একটা ডিল করতে পেরেছি।” শেষমেশ চাহাল ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকা খোরপোশ দিয়েছেন বলে জানা গেছে।
২০২০ সালের ডিসেম্বরে গুরুগাঁওয়ের একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা গাঁটছড়া বাঁধেন। কোভিড-১৯ মহামারীর সময় তাদের আলাপ হয়েছিল, যখন চাহাল ধনশ্রীর কাছে নাচ শিখতে গিয়েছিলেন। ২০২২ সালের জুনে তাদের বিয়ে সম্পন্ন হলেও, ২০২৫ সালের ৫ই ফেব্রুয়ারি পারস্পরিক সম্মতিতে ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং আইনিভাবে তাদের পথ আলাদা হয়ে যায়।
বর্তমানে, চাহাল আরজে মাহভাশের সঙ্গে ডেটিং করছেন বলে শোনা যাচ্ছে। সম্প্রতি চাহালের জন্মদিনের পার্টিতেও মাহভাশ উপস্থিত ছিলেন। তাদের একসঙ্গে ঘন ঘন জনসমক্ষে উপস্থিতির কারণে সম্পর্কের এই চর্চা আরও বাড়ছে।