১ লাখ ১০ হাজার টাকা অনুদান পাবে দুর্গাপুজো কমিটিগুলো, বড় ঘোষণা করলেন মমতা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুজো কমিটিগুলোর জন্য এক বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করেন, এবছর প্রতিটি পুজো কমিটি ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান পাবে। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল ৮৫ হাজার টাকা, যা এবার একলাফে ২৫ হাজার টাকা বাড়ানো হলো।
অনুদান বৃদ্ধির অপ্রত্যাশিত ঘোষণা:
গত বছরই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৫ সালে দুর্গাপূজার অনুদান বৃদ্ধি পেতে পারে। অনেকেই ধারণা করেছিলেন, তা ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে সবাইকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা করে পুজো উদ্যোক্তাদের মুখে হাসি ফোটান। ২০১৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্গাপূজা কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করে। প্রথম বছর ক্লাব প্রতি মাত্র ১০ হাজার টাকা দেওয়া হলেও, প্রতি বছরই এই অনুদানের পরিমাণ বেড়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা:
অনুদান বৃদ্ধির পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, এবছর বিসর্জন করা যাবে ২, ৩ এবং ৪ অক্টোবর। আর ঐতিহ্যবাহী কলকাতা শহরের কার্নিভাল অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। এর পাশাপাশি, পুজো কমিটিগুলোকে দমকলের জন্য কোনো চার্জ দিতে হবে না। বিদ্যুতের মাসুলেও থাকছে ৮০ শতাংশ ছাড়; সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই অনুদান বৃদ্ধি?
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই শেষ দুর্গাপূজার অনুদান ঘোষণা। এই নির্বাচনকে মাথায় রেখে হিন্দু ভোট টানতেই সরকার অনুদানের অঙ্ক বাড়িয়েছে।
মুখ্যমন্ত্রী এবারের প্রশাসনিক বৈঠক থেকে জেলার পুজো আয়োজকদেরও ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কলকাতার পাশাপাশি জেলার পুজো গুলোও অসাধারণ হচ্ছে এবং ক্রমশ থিমের দিকে ঝুঁকছে, যা প্রশংসার যোগ্য। তিনি আরও উল্লেখ করেন যে, এই সময়ে কেনাকাটা বাড়ার ফলে সাধারণ মানুষের হাতে টাকা আসে, যা অর্থনীতির জন্য ভালো। ইউনেস্কো দুর্গাপূজাকে “হেরিটেজ” তকমা দিয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “সেটাও ধরে রাখার দায়িত্ব পশ্চিমবঙ্গের সবার।” এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের পুজো কমিটিগুলোতে নতুন উদ্দীপনা এনে দিয়েছে।