সত্যি হল জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! এল সুনামি, কী কী বিপদ ধেয়ে আস্তে চলেছে?

কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই প্রবাদ বাক্যটি যেন আরও একবার সত্য প্রমাণ করল জাপানি বাবা ভাঙ্গা রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী। তারিখ পুরোপুরি না মিললেও, রাশিয়ার ভয়াবহ ভূমিকম্প এবং তার ফলস্বরূপ জাপান-সহ একাধিক অঞ্চলে সুনামির আঘাতে মানুষের মনে নতুন করে ভয় ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, রিও তাতসুকির এই ধরনের ভয়ঙ্কর বিপর্যয়ের পূর্বাভাস তাঁর পুরোনো বইতেই ছিল।

বুধবার রাশিয়ার কামচাটকায় একটি অত্যন্ত শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে সুনামি আছড়ে পড়ে। প্রাথমিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই প্রাকৃতিক বিপর্যয়ের চেয়েও বেশি করে মানুষের মনে দাগ কেটেছে জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকির ১৯৯৯ সালের বইয়ে লেখা ভবিষ্যদ্বাণী।

তাতসুকির সেই বইতে উল্লেখ ছিল, ২০২৫ সালের ৫ জুলাই একটি বড় ভূমিকম্প হবে এবং তার জেরে ভয়াবহ সুনামি আছড়ে পড়বে। যদিও ৫ জুলাই জাপানের বিচ্ছিন্ন কয়েকটি স্থানে ছোট আকারের ভূমিকম্প হয়েছিল, তবে সেদিন বড় কোনো সুনামি দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন, হয়তো এবার রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হলো। কিন্তু সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার আগেই জুলাই মাসের শেষ দিকে জাপানে সুনামি আছড়ে পড়ল।

এই সুনামির ঘটনার পরই বহু মানুষ বলছেন, জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। আবার কেউ কেউ বলছেন, রিও তাতসুকি হয়তো নির্দিষ্ট ৫ জুলাইয়ের কথা বলেননি, বরং গোটা জুলাই মাস জুড়েই বিপদের সতর্কতা দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে জাপানি বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণীই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, রিও তাতসুকির ভবিষ্যদ্বাণীর পরই জুলাই মাসের শুরুতে জাপানে পর্যটকদের বিমান বুকিংয়ে ৮৩ শতাংশের মতো পতন দেখা যায়। এর আগেও প্রিন্সেস ডায়ানার আকস্মিক মৃত্যু থেকে শুরু করে সাম্প্রতিক করোনা মহামারী, জাপানি বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার নজির রয়েছে।