দুর্গাপূজার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! ফের অতিরিক্ত ছুটির ঘোষণা নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের জন্য আবারও আনন্দের খবর নিয়ে এলো নবান্ন। দুর্গাপূজার ঠিক আগেই, করম পূজা উপলক্ষে অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। সাধারণত, সপ্তাহের মাঝামাঝি কোনো ছুটি এলে এমনিতেই কর্মীরা খুশি হন, আর যদি তা লম্বা উইকেন্ডের সঙ্গে মিলে যায়, তাহলে তো কথাই নেই। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারের এই নতুন ছুটির ঘোষণায় স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তি মারফত এই ছুটির বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এটি রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকানাধীন সমস্ত রাজ্য সরকারি অফিস, স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উদ্যোগ এবং প্রতিষ্ঠান, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়াও, রাজ্যজুড়ে চা বাগানে নিযুক্ত উপজাতি সম্প্রদায়ের কর্মচারীরাও এই ছুটি উপভোগ করতে পারবেন।
তবে, এই ছুটির আওতায় থাকছেন না কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স এবং কলকাতার স্ট্যাম্প রাজস্ব সংগ্রহকারীরা।
কী এই করম পূজা?
কলকাতা বা শহরতলির বাসিন্দাদের কাছে করম পূজা খুব পরিচিত না হলেও, এটি মূলত মানভূম এলাকার একটি জনপ্রিয় উৎসব। আপনি যদি এই সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে যান, তাহলে এই উৎসবের বিশেষত্ব দেখতে পাবেন। উত্তরবঙ্গের কিছু অংশেও এই করম উৎসব পালিত হয়। পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের শুক্লা একাদশীতে এই পূজা অনুষ্ঠিত হয়। এই অতিরিক্ত ছুটি পেয়ে সরকারি আধিকারিকরা বেজায় খুশি, কারণ দুর্গাপূজার দীর্ঘ ছুটির আগেই তারা আরও একটি অতিরিক্ত ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।