কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল, ১৫ বছরের পুরনো ত্রুটির অভিযোগে উত্তাল কলকাতা

সোমবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা মেট্রো রেলের ব্লু-লাইনের গুরুত্বপূর্ণ প্রান্তিক স্টেশন কবি সুভাষ। মেট্রো কর্তৃপক্ষ যাত্রী সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিলেও, স্টেশনের চারটি স্তম্ভে ফাটল দেখা দেওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে, যা মেট্রো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দীর্ঘদিনের প্রশ্নগুলিকে ফের সামনে নিয়ে এসেছে।
আইএনটিটিইউসি পরিচালিত মেট্রো রেল ইউনিয়নের দাবি, কবি সুভাষ মেট্রো স্টেশন ও তার পিলারে ফাটল সাম্প্রতিক অতিবৃষ্টির ফল নয়, বরং এর উৎস ১৫ বছর পুরনো নির্মাণগত ত্রুটিতে নিহিত। সংগঠনের অভিযোগ, স্টেশন তৈরির সময়ই বেশ কিছু পিলার বসে গিয়েছিল, যার ফলে আপ লাইনের প্ল্যাটফর্ম একদিকে ঢালু হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে, কেবলমাত্র অতিরিক্ত বৃষ্টিকে দায়ী করে মেট্রো কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলে তারা মনে করছে।
আইএনটিটিইউসি অনুমোদিত মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি শুভাশিস সেনগুপ্ত এই ঘটনাকে “অত্যন্ত দুর্ভাগ্যজনক” আখ্যা দিয়েছেন এবং বলেছেন, “এটা একদিনের ঘটনা নয়। প্রথম থেকেই এই স্টেশনের নির্মাণ নিয়ে সমস্যা ছিল। প্রথম থেকেই আপ প্ল্যাটফর্মের অবস্থা ঠিক ছিল না। স্টেশনের পিলারগুলি ঢালু হয়ে গিয়েছিল।” তিনি আরও অভিযোগ করেন, “আজ যে পরীক্ষা-নিরীক্ষা বা কয়েকদিনের বৃষ্টির জেরে ধস নামা, এটা ঠিক মানা যাচ্ছে না। কবি সুভাষ মেট্রো স্টেশনটির বয়স মাত্র ১৫ বছর। আর এর মধ্যেই পিলারে ফাটল? আনুমানিক ৪০ হাজার মানুষ প্রতিদিন এই মেট্রো স্টেশন ব্যবহার করেন। হঠাৎ করেই পুরো পরিষেবা স্তব্ধ করে দেওয়া হল। মেট্রো রেল কিন্তু এর দায় অস্বীকার করতে পারে না।”
অন্যদিকে, মেট্রো রেলওয়ে মেনস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সুজিত ঘোষও একই সুর ধরেছেন। তিনি বলেন, “নিঃসন্দেহে কবি সুভাষ মেট্রো স্টেশন ব্লু লাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। তাই এই স্টেশনটি বন্ধ থাকলে যাত্রীদের যে সমস্যার মুখে পড়তে হবে, সেটা আর বলে দিতে হবে না। ইউনিয়নও যাত্রীদের নিয়ে চিন্তিত। যাঁরা ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং লাইন থেকে আসেন, তাঁরা এই স্টেশন ব্যবহার করেন। শুরুর সময় থেকেই এই স্টেশনের নির্মাণ নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন ছিল। কারণ শোনা যায় যে, জলাজমি ভরাট করে এই স্টেশনটি তৈরি করা হয়েছিল।”
এই বিষয়ে বিজেপি অনুমোদিত ক্যালকাটা মেট্রো রেলওয়ে কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক দিলীপ সাহার সঙ্গে ইটিভি ভারত যোগাযোগ করার চেষ্টা করলেও, তিনি ফোন ধরেননি।
মেট্রো কর্তৃপক্ষের এক নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক জানিয়েছেন, “বৃষ্টির জেরেই ধস নেমে কলামের নীচের মাটি নরম হয়ে গেছে। যার ফলে আপ লাইনের প্ল্যাটফর্মের চারটি কলামে ফাটল দেখা দেয়। তাই যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই গোটা স্টেশনটি বন্ধ রাখা হয়েছে।” তিনি আরও জানান, “মেট্রো ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন। সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে যে, ওই চারটি কলাম মেরামত করতে হবে, নাকি স্টেশনের আরও কোনও অংশ মেরামতির প্রয়োজন রয়েছে। তারপর কাজ শুরু করা হবে। তাই এই মুহূর্তে বলা সম্ভব নয় যে, আবার ঠিক কবে থেকে এই স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হবে।”
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, মেরামতির কাজ শেষ না-হওয়া পর্যন্ত কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকবে। যতদিন না পর্যন্ত কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হচ্ছে, ততদিন শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে পরিষেবা শুরু ও শেষ হবে। ক্ষুদিরাম থেকেই রেক ঘুরিয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। এই আকস্মিক বন্ধের ফলে দৈনিক যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন এবং কবে এই সমস্যার সমাধান হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।