Weather: টানা বৃষ্টি আর কতদিন? জেনেনিন আজ বাংলার কোন কোন জেলায় বৃষ্টি, জানুন আপডেট

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ আর হালকা বৃষ্টির পরশ নিয়ে শুরু হয়েছে কলকাতার দিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, এবং বৃষ্টি না হলে এই অস্বস্তি আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব রাজস্থানের উপর অবস্থান করছে। যদিও এই নিম্নচাপটি রাজ্য থেকে অনেক দূরে সরে গেছে, তবে উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু অংশেও অনুভূত হচ্ছে। এছাড়াও, রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। একইসঙ্গে, উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত আরেকটি নিম্নচাপ অক্ষরেখাও রাজ্যের উপর দিয়ে অতিক্রম করছে। এই তিনটি সক্রিয় আবহাওয়ার সিস্টেমের সম্মিলিত প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে এই সক্রিয় মৌসুমী অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস:
আজ, মঙ্গলবার, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। এদিন বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদেও বৃষ্টি হবে। এই জেলাগুলির জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শনিবার পর্যন্ত জারি থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া চিত্র:
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। পার্বত্য এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া, অন্যান্য সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১শে জুলাই বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আবারও বৃদ্ধি পাবে। ৪ঠা আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি জেলার কিছু কিছু স্থানে ৩-৪ই আগস্ট অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া:
সোমবারের মতোই আজ মঙ্গলবারও কলকাতা মেঘলা আকাশ দিয়ে দিন শুরু করেছে। মঙ্গলবার শহরে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত কলকাতাতেও হলুদ সতর্কতা জারি থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ থাকায় শহরবাসীকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে।