লোনাভালায় চলন্ত গাড়িতে গণধর্ষণ, বিহারের পর মহারাষ্ট্রে ফের বিভীষিকা, ধৃত ১

বিহারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালায় এক তরুণীকে রাস্তা থেকে অপহরণ করে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২৩ বছর বয়সী ওই তরুণীকে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন চালানো হয় এবং পরে চলন্ত গাড়ি থেকে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে খবর, গত শনিবার সকালে লোনাভালার টুংগারলি এলাকায় নারায়ণী ধাম মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি ওই তরুণীর পথ আটকায়। তাঁকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় অভিযুক্তরা। গাড়িতে তোলার পর তাঁর হাত-পা বাঁধা হয় এবং অভিযোগ, গাড়ি বিভিন্ন স্থানে থামিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, গাড়িতে তিনজন যুবক ছিল, যাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। গণধর্ষণের পর অভিযুক্তরা তরুণীকে ননগারগাঁও এলাকার রাস্তার ধারে ফেলে দিয়ে পালিয়ে যায়।

লোনাভালা সিটি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় পুলিশ আধিকারিক রাজেশ রামঘড়ে সাংবাদিকদের জানান, “অভিযোগ পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুনীল গাইকোয়াড়। আমরা এখনও তদন্ত চালাচ্ছি এবং বাকি দুই অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি অভিযান চলছে।”

নির্যাতিতা তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে অভিযুক্তদের শনাক্ত করার জন্য। এই ন্যাক্কারজনক ঘটনা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন তুলেছে। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।