হরিদ্বারের মনসা মন্দিরে ভিড়ে পদপিষ্ট একাধিক ভক্ত, দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৬ পূর্ণ্যাথী

রবিবার সকালে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাড়োয়ালের ডিভিশনাল কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে এই খবর নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন।
হরিদ্বারের স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মনসা পুজো উপলক্ষে মন্দিরে অতিরিক্ত ভিড় জমেছিল। ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হলে এই পদপিষ্টের ঘটনা ঘটে। খবর পেয়েই স্থানীয় পুলিশ ও প্রশাসনিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিনয়শঙ্কর পাণ্ডে আরও জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর যে খবর ছড়িয়েছিল, তা সম্পূর্ণ গুজব।
সাম্প্রতিক অতীতে একই ধরনের ঘটনা
চলতি বছরের ২৯ জুন পুরীতে রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে ৩ ভক্তের মৃত্যু হয়, যার মধ্যে দুই মহিলা ছিলেন। আহত হয়েছিলেন প্রায় ৫০ জন।
উত্তর গোয়ায় ৩ মে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল।
৮ জানুয়ারি তিরুপতি মন্দিরে বৈকুণ্ঠ একাদশীর টিকিট কেনার সময় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয় এবং ২০ জন আহত হয়েছিলেন।