ফের মুখোমুখি লড়াইয়ে দেব-জিৎ, জিতবে কে?

আবারও মুখোমুখি লড়াইয়ে নামছেন কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার জিৎ ও দেব। না, তাদের মধ্যে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। নিজেদের সিনেমা নিয়ে আরও একবার টক্করে নামছেন দুই অভিনেতা। শুক্রবার একই দিনে মুক্তি পাচ্ছে জিতের ‘রাবণ’ এবং দেব অভিনীত ‘কিশমিশ’ ছবি দুটি।

টলিউডের দুই সুপারস্টার কেন একসঙ্গে ছবি রিলিজ করছেন, তা নিয়ে যেমন কেউ কেউ অসন্তুষ্ট, আবার কারও কারও মতে, যখন বাংলা ছবি হলে দর্শক টানার চেষ্টা করছে তখন দুই সুপারস্টারের ছবি রিলিজ হওয়া আসলে টলিউডেরই লাভ।

কয়েক বছর আগে ‘দুই পৃথিবী’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল জিৎ ও দেবকে। সেই ছবি বেশ পছন্দ করেছিল দর্শক। তারপর এক ছবিতে তাদের দেখা না গেলেও টলিউডে অকথিত নিয়ম হয়ে গেছে যে, ঈদে মুক্তি পাবে জিতের ছবি ও পূজায় মুক্তি পাবে দেবের ছবি।

সেই নিয়ম কার্যত ভেঙে যায়, যখন একসঙ্গে মুক্তি পায় জিত কোয়েলের ‘শেষ থেকে শুরু’ ও দেব রুক্মিনীর ‘কিডন্যাপ’। গত বছর পূজাতেও মুক্তি পেয়েছিল দুই সুপারস্টারের ছবি। আবারও ফের একই চিত্র। তাহলে দেবের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন জিৎ, এ কথা বলাই যায়। এই প্রতিযোগিতায় কে জেতেন, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *