বিহারের পথে বাংলা? ভোটার তালিকা সংশোধনে শুভেন্দুর ‘দেড় কোটি অনুপ্রবেশকারী’ দাবি ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে বিহারের আদলে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এই জল্পনার মধ্যেই রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা। বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক আরও তীব্র হয়েছে।
শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে, যেখানে মোট ৬৫ লক্ষ ২০ হাজার নাম বাদ পড়েছে। এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ‘বিশেষ সংশোধন’ নিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেছেন, “বিহারে যদি ৫০ লাখ বাদ যায়, এখানে ১ কোটি ২৫ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে।”
শুভেন্দুর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর দাবি, “মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে-বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে। কেউ ভিসা করে এসেছে, আর ফিরে যায়নি। আর অনেকেই ভিসা না করে, মমতার দয়ায় বেড়া নেই, ৫৪০ কিলোমিটার, ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “বিহারে যদি ৫০ লাখ বাদ যায়, এখানে ১ কোটি ২৫ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে।” একই সঙ্গে তিনি ভারতীয় হিন্দু-মুসলমান এবং ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আশ্বস্ত করে বলেন, “আর সব হিন্দুদেরকে আমি আশ্বাস দিচ্ছি, ভারতীয় হিন্দু-মুসলমানকে আশ্বাস দিচ্ছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আশ্বাস দিচ্ছি, একটা কাররও কোনও অসুবিধা হলে, উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন, এই রাজ্যের LOP-ও একটা ছোটখাট গ্যারেন্টার।”
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, এই দাবি ঘিরে আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ বাড়বে এবং ভোটার তালিকা সংশোধনের বিষয়টি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এক গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে দাঁড়াবে। এই মন্তব্যের প্রভাব ভোটারদের ওপর কতটা পড়ে, সেটাই এখন দেখার বিষয়।