জলপাইগুড়ির যৌনপল্লিতে রক্তপাত, বচসার জেরে দুই যৌনকর্মীর গলায় ব্লেড!

জলপাইগুড়ি শহরের দিনবাজারের টিনপাড়া যৌনপল্লিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার গভীর রাতে দর কষাকষি নিয়ে বচসার জেরে দুই মহিলা যৌনকর্মীর গলায় ব্লেড চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় দুই মহিলাকেই জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে এক যুবক দিনবাজারের টিনপাড়া যৌনপল্লিতে আসেন। সেখানে তিনি দুই যৌনকর্মীর সঙ্গে অর্থের দরদাম করছিলেন। দীর্ঘক্ষণ ধরে দর কষাকষি চলতে থাকায় এক পর্যায়ে তাঁদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই বচসা চরমে পৌঁছালে আচমকাই ওই যুবক পকেট থেকে ব্লেড বের করে দুই মহিলার গলাতেই আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়া দুই মহিলাকে দেখে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনা এর আগে কখনও টিনপাড়া যৌনপল্লিতে ঘটেনি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যার ফলে এলাকাবাসী স্তম্ভিত ও আতঙ্কিত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোতয়ালি থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়েই তদন্ত শুরু করেছে।
পুলিশ আহত দুই যৌনকর্মীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে, অভিযুক্ত যুবক এর আগে কোনোদিন এই যৌনপল্লিতে আসেনি। কোতয়ালি থানার পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করতে জোর তল্লাশি চালাচ্ছে।
জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “দিনবাজার এলাকায় একটি ঘটনা ঘটেছে। দুই মহিলার উপর ব্লেড চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে। আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। আহত দু’জনই জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।”
পুলিশ আশাবাদী যে, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।