“তার কাছ থেকে কী নেব, যা আমার কাছে নেই”-শুভশ্রী প্রসঙ্গে কি বললেন দেব

একসময় টলিউডের সবচেয়ে আলোচিত জুটি ছিলেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলী। তাদের প্রেম, বিচ্ছেদ এবং দীর্ঘ নীরবতার পর এবার তারা একে অপরের প্রশংসায় মুখর হলেন। প্রায় নয় বছর পর তাদের অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে, আর এই ছবির প্রচারকে কেন্দ্র করেই যেন ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই প্রাক্তন জুটি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, অভিনেতা দেব তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে নিয়ে অকুণ্ঠ প্রশংসা করেছেন। দেব বলেন, “আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে! পাশাপাশি দাঁড়ালে কী বলব জানি না।” এরপর শুভশ্রীর ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য নিয়ে প্রশংসা করে তিনি বলেন, “আমি তার কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার, সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামাল দিচ্ছে তা প্রশংসনীয়, খুব সোজা কাজ নয়।”
দেবের এই প্রশংসার জবাবে পাল্টা প্রশংসা করেছেন শুভশ্রীও। তিনি বলেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় বিষয়।” নিজের কাজের প্রতি দেবের শ্রদ্ধাবোধ দেখে শুভশ্রী তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভালো কাজ করছে।”
উল্লেখ্য, দেব এবং শুভশ্রীর প্রেমের সম্পর্ক অনেক বছর আগেই ভেঙে গেছে। বর্তমানে শুভশ্রী তার স্বামী রাজ চক্রবর্তী এবং তাদের দুই সন্তান নিয়ে সুখে সংসার করছেন। অন্যদিকে, দেব সফল অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সাংসদ হিসেবেও নিজ দায়িত্ব অত্যন্ত নিপুণভাবে পালন করছেন। এই প্রাক্তন জুটির একে অপরের প্রতি এমন শ্রদ্ধাবোধ এবং পরিপক্কতা নিঃসন্দেহে টলিউড ইন্ডাস্ট্রিতে একটি ইতিবাচক বার্তা বয়ে আনছে।