ক্লাস চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত্যু একাধিক শিশুর, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু

রাজস্থানের ঝালাওয়ার জেলার মনোহর থানা এলাকার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দুপুরে ক্লাস চলাকালীন ছাদ ভেঙে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৪ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১৭ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিশু চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ক্লাসের ভিতরে প্রায় ৬০ জন শিশু উপস্থিত ছিল। এর মধ্যে প্রায় ২৫ জন ছাদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বলে অনুমান করা হচ্ছে। স্কুলের ছাদ ভেঙে পড়ার বিকট শব্দ শুনে এলাকার মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঝালাওয়ারের পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার জানিয়েছেন, “এই ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দশজনকে উন্নত চিকিৎসার জন্য ঝালাওয়ারে রেফার করা হয়েছে, যাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।” পুলিশ আরও জানিয়েছে যে, শিক্ষক এবং গ্রামবাসীদের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, “ঝালাওয়ারের মনোহরথানায় সরকারি স্কুল বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় অনেক শিশু এবং শিক্ষক আহত হয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

এই মর্মান্তিক ঘটনাটি স্কুলের পরিকাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। জেলা প্রশাসন এবং শিক্ষা দফতর ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে।