“IPL চলাকালীনই ধর্ষণ করেছিল”-দিল্লির ক্রিকেটারের বিরুদ্ধে ফের এক নাবালিকার FIR

ভারতীয় ক্রিকেটার যশ দয়াল নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার জয়পুরের সাঙ্গানের থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরও এক মহিলা এফআইআর দায়ের করেছেন। অভিযোগকারিণী দাবি করেছেন, ক্রিকেটে ক্যারিয়ার গড়ার প্রলোভন দেখিয়ে তাঁকে মানসিক ভাবে ব্ল্যাকমেল করা হয়েছে এবং গত দু’বছর ধরে লাগাতার ধর্ষণ করা হয়েছে।
পুলিশকে দেওয়া অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন যে, ক্রিকেট খেলার সময় যশ দয়ালের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। দুই বছর আগে, যখন তিনি নাবালিকা ছিলেন, সেই সময়ই জয়পুরে যশের সঙ্গে তাঁর দেখা হয়, যখন যশ আইপিএল ম্যাচ খেলতে সেখানে এসেছিলেন। অভিযোগকারিণী আরও বলেছেন যে, ক্রিকেট সংক্রান্ত টিপস দেওয়ার অজুহাতে যশ দয়াল তাঁকে হোটেলে ডেকে নিয়ে গিয়েছিলেন। আইপিএল-২০২৫ ম্যাচের সময় সীতাপুরার একটি হোটেলে তাঁকে ধর্ষণ করা হয়। প্রথমবার ধর্ষণের সময় নির্যাতিতার বয়স ১৭ বছর হওয়ায় পুলিশ যশ দয়ালের বিরুদ্ধে পকসো (POCSO) আইনেও মামলা দায়ের করেছে।
এর আগে চলতি মাসেই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর খেলোয়াড় যশ দয়ালের বিরুদ্ধে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় যৌন নির্যাতনের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সময় অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক, মানসিক এবং শারীরিক শোষণ করেছেন যশ। এবার জয়পুরের নতুন অভিযোগটি যশের আইনি সমস্যা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
২৭ বছর বয়সী বাঁহাতি পেসার যশ দয়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর আইপিএল ২০২৫-এর চ্যাম্পিয়ন দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই মরসুমে ৫ ম্যাচে তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন। ২০২২ সালে তিনি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টিম ইন্ডিয়ার সদস্যও ছিলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তরপ্রদেশ দলের হয়ে খেলেন। বাংলাদেশ সিরিজ এবং বর্ডার গাভাস্কার সিরিজের সময় তাকে ভারতীয় দলে রাখা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন, যার মধ্যে তার সেরা বোলিং ৫/৪৮।
এই নতুন অভিযোগের পর যশ দয়ালের ক্রিকেট ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।