“প্রতি ঘণ্টায় ৬ জন, দিনে গড়ে ১৫০ প্রাণহানি”-সড়ক দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের মর্মান্তিক পরিসংখ্যান

দেশের জাতীয় সড়কগুলো যেন ক্রমশই মৃত্যুপুরী হয়ে উঠছে। প্রতিদিন গড়ে ১৫০ জন মানুষ প্রাণ হারাচ্ছেন এই সড়কগুলোতে, যার অর্থ প্রতি ঘন্টায় ৬ জন মানুষের মৃত্যু হচ্ছে। বুধবার রাজ্যসভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এই ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করেছে, যা দেশের সড়ক নিরাপত্তার বাস্তব চিত্র তুলে ধরেছে।
কেন্দ্রীয় সরকারের দেওয়া ২০১৯ থেকে ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল বাদে (লকডাউনের কারণে) মৃত্যুর হার সবসময়ই উচ্চ ছিল। ২০২৩ সালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মোট ৫৩,৩৭২ জনের মৃত্যু হয়েছিল, যা প্রতিদিন গড়ে ১৪৭ জন। ২০২৪ সালে এই সংখ্যা সামান্য কমে ৫২,৬০৯ জনে দাঁড়ায়। আর চলতি বছরের প্রথম ৬ মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬,৭৭০ জনের। এই সংখ্যাগুলো নিছকই পরিসংখ্যান নয়, বরং হাজার হাজার পরিবারের করুণ কাহিনীর প্রতিচ্ছবি। এই তথ্যগুলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত eDAR (Electronic Detailed Accident Report) পোর্টাল থেকে সংগ্রহ করা হয়েছে।
তবে এই ভয়াবহ চিত্র দেখে নীরব নেই সরকার। পথ দুর্ঘটনায় মৃত্যুহার রোধ করতে জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দুর্ঘটনাপ্রবণ রাস্তাগুলোতে Advanced Life Support (ALS) অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও ন্যাশনাল অ্যাম্বুল্যান্স হেল্পলাইন ১০২-এর পাশাপাশি ১০৩৩ নম্বর চালু করা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনার খবর পাওয়ার পর মাত্র আধ ঘণ্টার মধ্যে অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছতে পারে। এই দ্রুত পদক্ষেপের লক্ষ্য হলো, দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে মৃত্যুর সংখ্যা কমানো। এই ধরনের উদ্যোগ কিছুটা আশার আলো দেখালেও, জাতীয় সড়কে মৃত্যুর এই লাগামহীন বৃদ্ধি রুখতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।