বাংলাদেশ-পাকিস্তানের বাড়ছে বন্ধুত্ব! কূটনীতিকদের জন্য ভিসাবিহীন প্রবেশাধিকারে সম্মত দুই দেশ

ঐতিহাসিক দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বুধবার ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশ কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকারের বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পালাবদলের ইঙ্গিত দিচ্ছে।
এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপটি এসেছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে। গত বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে এক ধরনের শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনার সরকার যেখানে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল, সেখানে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উদ্যোগী হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত নতুন সরকারের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার বৈঠকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক নিশ্চিত করেছে যে, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা অপসারণে দুই দেশ পারস্পরিক ঐকমত্যে পৌঁছেছে। তবে কবে থেকে এই ভিসামুক্ত প্রবেশাধিকার কার্যকর হবে, তা এখনও জানানো হয়নি।
ভিসা চুক্তির পাশাপাশি বৈঠকে দুই দেশ সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা, পুলিশ প্রশিক্ষণ, মাদক নিয়ন্ত্রণ এবং মানবপাচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এই নতুন পরিকল্পনা সমন্বয়ের জন্য একটি যৌথ কমিটিও গঠন করা হবে, যার নেতৃত্ব দেবেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব খুররম আঘা। পুলিশ প্রশিক্ষণে পারস্পরিক সহায়তার অংশ হিসেবে শিগগিরই একটি বাংলাদেশি প্রতিনিধিদল পাকিস্তানের জাতীয় পুলিশ অ্যাকাডেমি পরিদর্শনে যাবে বলে আশা করা হচ্ছে।
বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী, পাকিস্তানের মন্ত্রীকে ‘গার্ড অফ অনার’ দিয়ে স্বাগত জানান এবং এই সফরকে ভবিষ্যতের সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সঙ্গে ঢাকার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কিন্তু মুহাম্মদ ইউনূস সরকারের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।