আতঙ্কের পুনরাবৃত্তি? সম্বলপুরে লাইনচ্যুত কলকাতা-সম্বলপুর এক্সপ্রেস, জানুন তারপর যা হলো?

২০২৩ সালে বালেশ্বরের বাহানগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনার কারণে শিরোনামে। বৃহস্পতিবার সকালে সম্বলপুরগামী মহিমা গোঁসাই এক্সপ্রেস (সম্বলপুর-শালিমার এক্সপ্রেস) লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা এড়ানো গেছে।
ঘটনাটি ঘটে সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ। কলকাতা থেকে সম্বলপুরগামী যাত্রীবাহী ট্রেনটি সম্বলপুর সিটি স্টেশনের কাছে সম্বলপুর স্টেশনে প্রবেশ করার ঠিক মুখেই তার একটি বগি লাইনচ্যুত হয়। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনো যাত্রী আহত বা নিহত হননি। ট্রেনের গতি কম থাকায় এবং লাইনচ্যুতি কেবলমাত্র একটি বগিতে সীমাবদ্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ে কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকার্য শুরু করা হয়। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় এবং লাইনচ্যুতির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে, প্রাথমিক তদন্তে এখনও লাইনচ্যুত হওয়ার নির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।
এই ঘটনা আবারও ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বাহানগা বাজারের দুর্ঘটনার পর রেলের সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, এই ঘটনা সেই উদ্বেগকেই আরও বাড়িয়ে দিয়েছে। যদিও এবারের ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবুও যাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুত লাইনচ্যুতির কারণ নির্ণয় করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।