ছেলে ভিনরাজ্যে, পুত্রবধূর কাছে টাকা চাওয়াই ‘অপরাধ!’ যা হাল হলো বৃদ্ধের? জানলে গায়ে কাঁটা দেবে

স্ত্রীর চিকিৎসার খরচ চাওয়ায় পুত্রবধূর হাতে নির্মমভাবে মারধরের শিকার হলেন এক ৭৫ বছর বয়সী বৃদ্ধ শ্বশুর। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার সোনাটিকারী ৮ নম্বর অঞ্চলে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ সন্ন্যাসী বাগকে কুলতলি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ন্যাসী বাগের স্ত্রী আঙুরবালা দাস দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল। তাদের ছেলে শশধর বাগ কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন এবং তার পাঠানো টাকা পুত্রবধূ কাজল বাগের হাতেই থাকে। অভিযোগ, শাশুড়ির চিকিৎসার জন্য সেই টাকা চাইতে গিয়েই পুত্রবধূ কাজল বাগ ক্ষিপ্ত হয়ে ওঠেন।

সন্ন্যাসী বাগের অভিযোগ, প্রথমে বচসা শুরু হলেও পরিস্থিতি দ্রুত হাতাহাতিতে পৌঁছায়। কেবল পুত্রবধূই নয়, কাজল তার বাপের বাড়ি থেকেও লোক ডেকে এনে তাকে মারধর করান। অভিযোগ উঠেছে, ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের মাথায় কোপ মারা হয়েছে এবং ইট দিয়ে পায়ে আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সন্ন্যাসী বাগকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃদ্ধের পরিবার এবং প্রতিবেশীরা পুত্রবধূর এমন অমানবিক আচরণে স্তম্ভিত। ইতিমধ্যেই কুলতলি থানায় পুত্রবধূ কাজল বাগের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বৃদ্ধ শ্বশুরের উপর এমন বর্বর হামলা সমাজে সম্পর্কের অবনতির এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে।